জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান সদরের শেরে বাংলা এলাকায় ছাত্রদলকর্মী কাউসারের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের তৎপরতায় তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। গ্যাংটির মূল সদস্য অন্তর, জনি, তরিকুল ও ফাহিম নিয়মিতভাবে ইভটিজিং, মারধর ও চাঁদাবাজির মতো অপরাধে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২১ মে) দুপুরে হিলবার্ড এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় গিয়ে চাঁদা দাবি করে গ্যাংটি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মো. শহীদুল ইসলাম ওরফে সাকিব নামের এক আইসক্রিম বিক্রেতা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। পরে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে মারধর ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে গ্যাং সদস্যরা।
স্থানীয়রা জানান, এর আগেও একই গ্যাং বান্দরবানে পর্যটকদের উত্যক্ত করার পাশাপাশি একাধিক হোটেল ম্যানেজারকে হেনস্তার চেষ্টা করেছে। সেসব ঘটনায় তারা মুচলেকা দিয়ে পার পেয়ে গেলেও অপরাধ থেকে বিরত হয়নি, বরং দিন দিন তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
এ অবস্থায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
