জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের ইটভাটা স্থানান্তরের সময়সীমা বাড়ানোর দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইট শিল্প সংশ্লিষ্ট শ্রমিক, পরিবহন কর্মী, ঠিকাদার ও ইটভাটা মালিকরা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে এ স্মারকলিপিটি উপস্থাপন করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার ৭ উপজেলায় মোট ৭০টি ইটভাটায় প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। এসব ইটভাটা বন্ধ হলে তারা কর্মহীন হয়ে পড়বে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় ইট ভাটা মালিকরা জানান, পাহাড়ি অঞ্চলে এখনো ইটের কোনো কার্যকর বিকল্প তৈরি হয়নি। এসব ইট ছাড়া সমতল থেকে ইট নিয়ে এসে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। ইতোমধ্যে বিভিন্ন প্রকৌশল বিভাগে নতুন প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে, যার জন্য প্রচুর ইটের প্রয়োজন। এ কারণে ইটভাটা স্থানান্তরের সময়সীমা অন্তত আরও এক বছর বাড়ানোর অনুরোধ জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে বান্দরবান ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ এবং সদস্য থোয়াইনু অং মারমা, মোহাম্মদ শামসুদ্দিন, হায়দার আলী, করিমুল মোস্তফা, মোল্লা এবং মোরশেদ আলম উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ইটভাটা সংশ্লিষ্টরা একত্রিত হয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানান।
