জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামা উপজেলায় আবারও ২২ শ্রমিক অপহরণের অভিযোগ উঠেছে। এর আগে, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণের ঘটনা ঘটে। তাদের যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়া খালি ইউনিয়নের গয়ালমারা রাবার বাগানে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের তুলে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে গেলে একদল সশস্ত্র অপহরণকারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে যৌথ বাহিনী উদ্ধার অভিযানে নেমেছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় যোগাযোগে কিছুটা বাধা থাকলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
