জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের সাঙ্গু নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় সামাজিক উৎসব বিজু বা বিষুর সূচনা হয়েছে। ভোরের আলো ফোটার আগেই চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীর তীরে জড়ো হন। কলাপাতায় সাজানো রঙিন ফুল, জ্বলন্ত মোমবাতি ও প্রার্থনার মাধ্যমে তারা অতীতের ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে ভবিষ্যতের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এই উৎসব ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের কাছে ভিন্ন নামে পরিচিত। মারমারা যাকে সাংগ্রাই বলেন, চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, আর সমতলের মানুষের কাছে এটি পরিচিত ‘বৈসাবি’ নামে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বর্ষবরণ ও বর্ষবিদায় জানানোর এই ঐতিহ্য পাহাড়িদের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
ফুল ভাসাতে আসা সুপর্ণা চাকমা বলেন, “ভোরে উঠে তারা ফুল সংগ্রহ করে নদীতে ফুল অর্পণ করেছে। অতীতে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে আগামী দিনগুলোর শান্তি কামনায় প্রার্থনা করেছে।” একইসুরে কথা বলেন সবুজ তঞ্চঙ্গ্যাও। তিনি বলেন, “চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন প্রতিবছরের মতো এবারও ফুল বিজু উদযাপন করছেন। এটি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।”
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর জন্য এ উৎসব বছরের সবচেয়ে বড় সামাজিক মিলনমেলা। বিজুকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ।
আসন্ন সাংগ্রাই পোয়েকে সামনে রেখে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদ ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী নানা আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে সাংগ্রাই লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পাড়া ভিত্তিক পিঠা উৎসব, ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন এবং টানা তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলকেলি উৎসব।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুংমং মার্মা জানান, “বর্ষবরণ উপলক্ষে ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে অংশ নিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ অনেকেই উপস্থিত থাকবেন।”
