নিউজ ডেস্ক:
বান্দরবান পৌর এলাকার ২নং ওয়ার্ডের লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে গ্রাউস-এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মারমা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে গ্রাউস-এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ সঞ্চালনা করেন। এসময় মেডিকেল অফিসার ডা. তাহমিনা করিম, পৌরসভার ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সত্যজিৎ তঞ্চঙ্গ্যা, ওয়াশ ফেসিলিটেটর রেং য়ং ম্রোসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সোনিয়া আফরোজ জানান, নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত টয়লেট, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতকরণ এবং কিশোরী মেয়েদের মাসিককালীন পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন একযোগে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এক বছর আগে লালমিয়ার চর এলাকার ৭৬টি পরিবারের মধ্যে ৪টি পরিবারে স্বাস্থ্যসম্মত টয়লেট ছিল না এবং ৩টি পরিবারে কোনো টয়লেট ছিল না। প্রকল্পের মাধ্যমে ৭টি পরিবারে নতুন টয়লেট স্থাপন এবং সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
প্রধান অতিথি ডা. ভানু মারমা তার বক্তব্যে বলেন, “লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করার মাধ্যমে এখানকার বাসিন্দাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এখন থেকে সবাইকে ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।”
তিনি উপস্থিত নারীদের যেকোনো রোগব্যাধির ক্ষেত্রে দ্রুত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে নানা সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।