জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের লামা উপজেলার কমলা বাগান এলাকা থেকে অপহৃত সাত শ্রমিককে অবশেষে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লামার সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) এবং গাড়িচালক মো. জামাল (৩২)। তবে বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
গত ১ ফেব্রুয়ারি রাতে সরই ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাত শ্রমিককে অপহরণ করে এবং মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখে একদিনের মাথায় সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, “নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিয়েছে। বর্তমানে তারা নিরাপদে পরিবারের কাছে রয়েছেন।”
