বান্দরবানের লামা উপজেলায় অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসী মংএনু মারমা (৩৪) আটক

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় স্থানীয়দের হাতে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামের এক পাহাড়ি সন্ত্রাসী আটক হয়েছে। ২৭ জানুয়ারি সকালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়রা তাকে আটক করে। আটককৃত মংএনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মংএনুসহ একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার দুর্গম এলাকাগুলোতে ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সোমবার সকালে চাঁদাবাজি করতে এলে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে।

ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান জানান, স্থানীয়দের তৎপরতায় মংএনু মারমাকে আটক করা সম্ভব হয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।