জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই একটি জিপ সড়ক থেকে খাদে পড়ে রাজা মিয়া (২৩) নামে এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়ির চালক মো. এমরান (৩৭) আহত হন। শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় রুমা উপজেলার বেথেল ও মুননুয়াম পাড়া সড়ক থেকে রুমা বাজার অভিমুখে আসার পথে, বেথেল পাড়ার উপরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা মিয়া রুমা সদর ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা, মৃত মো. মনুমিয়ার ছেলে। আহত চালক এমরান একই ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা এবং নেজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাইরাগ্র পাড়া এলাকা থেকে কাঠ বোঝাই করে রুমা বাজারে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছসহ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রাজা মিয়া প্রাণ হারান। স্থানীয়রা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।