জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের রুমা উপজেলার গভীর জঙ্গলে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী রুমার গহীন জঙ্গলে কেএনএ’র একটি আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়।
অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য এখনও জানা না গেলেও সেনাবাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।
