বান্দরবান প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপা এলাকায় যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকার তরুণরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনরুপা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা, মানবিকতা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস কোম্পানি, হাজী নুরুল আমিন ও হারুনুর রশিদ। তারা সমাজে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনরুপা যুব কল্যাণ পরিষদের সভাপতি শাহনেওয়াজ পারভেজ এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মো. মামুনুর রশিদ। এ সময় বক্তব্য দেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট আবু জাফর। তিনি বলেন, বনরুপা এলাকা বান্দরবানের অন্যতম আবাসিক এলাকা হলেও সম্প্রতি কিছু কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যাচ্ছে। তবে সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে সমাজের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি নিজাম উদ্দীন মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন মহি উদ্দীন, মাওলা শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দীন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সাংবাদিক মিনহাজুর ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি শাহনেওয়াজ পারভেজ সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতাকারী সকল সদস্য, শুভানুধ্যায়ী ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে যুব কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখবে।