জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ায় শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শাহরিন ছিদ্দিকা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহরিন বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
মেয়েটির পিতা আবু তালেব জানান, তার স্ত্রী মহেশখালীতে বড় মেয়ের শ্বশুরবাড়িতে ছিলেন এবং তিনি নিজে অসুস্থতার কারণে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে যান। বাড়ির ছোট দুই সন্তান একজন নুরানী মাদ্রাসায় এবং অপরজন বাইশারী বাজারে অবস্থান করছিল। ঘটনার সময় শাহরিন বাড়িতে একাই ছিল।
দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে মেয়েকে অনেক খুঁজেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢোকেন। পরে ঘরের ছালের গাছের সঙ্গে মেয়েকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত নামিয়ে আনলেও ততক্ষণে দেহ শক্ত হয়ে গিয়েছিল।
ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য আবু তাহের পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ সুরতহাল করে। বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. আবু সায়েম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ডাক্তারের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।
স্থানীয়রা জানান, শাহরিন শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়নি।
