জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে দ্বিতীয়বারের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত করে আসা KRE ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
গত রবিবার (০৫ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ইতুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৩ লক্ষ পাকা ইট, ১ লক্ষ কাঁচা ইট এবং ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
অভিযানের অংশ হিসেবে আজুখাইয়া এলাকায় দুটি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানিয়েছেন, পরিবেশ বিনষ্টকারী এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, KRE ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সরকারি উদ্যোগে এ ধরনের অভিযান পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।