বান্দরবান প্রতিনিধি :
খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কেক ও মানবিক সহায়তা বিতরণ করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়া, বাশিরামপাড়া, সিমত্লামপিপাড়া, শেরকরপাড়া ও জারুলছড়িপাড়ায় এসব সহায়তা বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় চার্চের জন্য ক্রিসমাস কেক, সোলার সিস্টেম, ৩২ ইঞ্চি টিভি, সাউন্ড সিস্টেম এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। উপহার সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, সেনা সাবজোন কমান্ডার এবং স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকার বাসিন্দারা অত্যন্ত আনন্দিত। স্থানীয় কমিউনিটি চার্চের ধর্মযাজক ও পাড়াবাসীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি আমাদের বড় ধর্মীয় উৎসব। সেনাবাহিনী যে সেবা ও সহায়তা করেছে, তা দিয়ে আমরা উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করতে পারব। আমরা সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, ২০২২ সালে কে এন এফ-এর সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে প্রাতাপাড়ার বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তবে ২০২৩ সালে সেনাবাহিনীর সহযোগিতায় তারা পুনর্বাসিত হন। এবারের বড়দিনের উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে পাড়ার ভারপ্রাপ্ত কারবারি ও ধর্মযাজক পাকত্লিরং বম বলেন, “আমরা কখনো কে এন এফ-এর সহযোগী ছিলাম না। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সেনাবাহিনী সবসময় আমাদের পাশে থেকে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। আজকের এই উৎসবের পেছনে সেনাবাহিনীর বড় অবদান রয়েছে।”
এ বিষয়ে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কে এন এফ-এর অপপ্রচার কখনোই সফল হবে না। আমরা এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাদের নিরাপত্তা ও সমর্থনে সেনাবাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
