বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৭তম বর্ষপূর্তিতে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবিতে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, “শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও পার্বত্য অঞ্চলে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়নি। সশস্ত্র সংঘর্ষ ও অবৈধ কর্মকাণ্ডে পাহাড়ের উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও সংঘাতের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এসব সমস্যার সমাধানে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চুক্তির সাংঘর্ষিক ধারাগুলো বাতিল বা সংস্কার করা জরুরি।
সমাবেশে বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠন, উন্নয়ন বোর্ডে বাঙালি চেয়ারম্যান নিয়োগ, বাজার ফান্ডের লিজের মেয়াদ বৃদ্ধি, ভূমি ক্রয়-বিক্রয়ে একনীতি গ্রহণ এবং ১৯০০ সালের শাসনবিধি বাতিল করতে হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন মো. জসীম উদ্দিন, হাজী আবদুস শুক্কুর, এম রুহুল আমিন, মো. নুরুল আলম, মো. আসিফ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পাহাড়ি-বাঙালি সমতা প্রতিষ্ঠার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকেই এর বিরোধিতা করে বিভিন্ন সশস্ত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে ছয়টি সশস্ত্র সংগঠনের কার্যক্রমে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে।
