শাহজালাল, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সোচ্চার সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন। সঞ্চালনায় ছিলেন জেলা নাগরিক পরিষদের সহসাধারণ সম্পাদক মো. শাহজালাল, সভাপতিত্ব করেন সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি কাজী মো. আজিজুর রহমান।
মিলনমেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, “ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে ৫ আগস্টের পরে বাংলাদেশ নতুন পথের দিকে এগোলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে।”
