জাগ্রত পাহাড় ডেস্ক :
সরকার পারিবারিক আদালতকে শুধু পারিবারিক বিরোধ নয়, অন্যান্য মামলার নিষ্পত্তিতেও ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের হাফেজঘোনা এলাকায় নতুন জজকোর্ট ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় তিনি বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিশি ব্যবস্থার আওতায় এনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি, প্রয়োজনে আদালতটিকে অন্যান্য মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে। এতে বিচার ব্যবস্থার ওপর মামলার অতিরিক্ত চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন তিনি। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে তিনি বান্দরবানের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে স্টেডিয়াম সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেন এবং ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
