নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০০০) এর ৬(খ) ধারার আওতায়, ২০০৫ সালে সরকার সাঙ্গু নদীসহ দেশের বিভিন্ন জলাধারকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করেছে। এই আইন অনুযায়ী ইসিএ এলাকায় বিভিন্ন কার্যক্রম যেমন ইটভাটা, শিল্পকারখানা, স্লুইচ গেট, ট্যুরিজম, পার্ক নির্মাণ, কৃষি ফসল এবং রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধ।
বর্তমানে সাঙ্গু নদীর পাশের এলাকায় বেআইনিভাবে নির্মিত স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে ইটভাটা, মাটিকাটা এবং অন্যান্য কার্যক্রম রয়েছে, যা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
এই লক্ষ্যে আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। অভিযানে সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ইসিএ এলাকায় বসবাসকারী সকলকে আইন মেনে চলার এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে কোন প্রকার আপত্তি থাকলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
