নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে HKB, JSB ও BHB নামক তিনটি ইটভাটাকে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয় এবং স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।