টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভ্রমণ পথ
বান্দরবান প্রতিনিধি:
টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট প্রাকৃতিক ঝুঁকির কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতা খুমে ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসন এক সরকারি স্বারকপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্বারকপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরি গুলোর পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রোয়াংছড়ির অন্তর্গত দেবতা খুম পর্যটন এলাকায় পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে, ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতা খুমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন সকলকে পর্যটন কেন্দ্রটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও প্রচার কার্যক্রম জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় অবস্থিত দেবতা খুম। দীর্ঘ পনেরো মাস বন্ধ থাকার পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। পার্বত্য অঞ্চলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ অভিযানের প্রেক্ষিতে এর আগে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ফের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হলো।
