রুমা (বান্দরবান) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিং প্রু জেরীর উদ্যোগে রুমা বাজারে গণসংযোগ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রুমা বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পরে আয়োজিত জনসমাবেশে বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। তিনি বলেন, “বান্দরবানের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনমান উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
বিএনপি সমর্থক ও কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন বলেন, দেশের কৃষক আজ নানা সংকটে রয়েছে। তিনি বলেন, “কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই কৃষক ও সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।”
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ পুনরায় রুমা বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন।