বান্দরবান প্রতিনিধিঃ
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয় চালুকরণসহ মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ, সোমবার (৩০ ডিসেম্বর) ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের সিমত্লাম্পিপাড়ায় বান্দরবান রিজিয়নের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি। তিনি পাড়াবাসীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সরাসরি সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাবজোন কমান্ডারসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিমত্লাম্পিপাড়ার বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “সেনাবাহিনীর এ উদ্যোগ আমাদের জীবনযাত্রাকে সহজ করবে। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের সন্তানদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ি অঞ্চলের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”
সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
