থানচিতে রিমাকরি খালের উপর সেনাবাহিনী নির্মিত ব্রীজের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি :

প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য খ্যাত পাহাড়ি জেলা বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে বান্দরবানের থানচি–রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় রিমাকরি খালের উপর নব নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম, এনডিসি, পিএসসি।

বুধবার (২৭ আগস্ট) উদ্বোধন শেষে তিনি সেনাবাহিনী পরিচালিত কাইতনপাড়া ও শালোকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ও উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক লে. কর্নেল নূর মোঃ সিদ্দিক সেলিম, পিএসসি।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম বলেন, দুর্গম সীমান্তবর্তী এলাকার শিক্ষাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ইতোমধ্যে কাইতনপাড়া ও শালোকিয়াপাড়ায় দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক নির্মাণ কাজে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হবে।

তিনি আরো বলেন, “পাহাড়ি এলাকায় জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।