বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে বটতলায় সমাবেশে রূপ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন থানচি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সিং ওয়াই মং মারমা। বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা শান্তিচুক্তি বাস্তবায়ন ও ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।