ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা, পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই ও টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। শনিবার ৮ ই ফেব্রুয়ারি তিনি ঘুমধুম সীমান্ত সড়ক এবং স্থলবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরে দুপুরে টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এম. সাখাওয়াত হোসেন জানান, সীমান্ত সড়ক ও স্থলবন্দরের সম্ভাব্যতা মূল্যায়ন করা হচ্ছে। সরকার এ এলাকায় একটি স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে আগের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং বাণিজ্যিক যোগাযোগ জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নৌপথের চেয়ে স্থলপথে যোগাযোগ সহজ হওয়ায় এই অঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম আরও উন্নত করতে এটিকে নৌবন্দর হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। পরিদর্শনকালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।