আলীকদম সীমান্তে মিয়ানমারের নাগরিক আটক, নগদ টাকা উদ্ধার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলার সিন্দুরমুখ পাড়া এলাকা থেকে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে সেনাবাহিনীর পোয়ামুহুরী বেস ক্যাম্পের টহলদল।

গত ৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ছোট আগলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৬ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে টহল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তৌহিদের (৩১ বীর) নেতৃত্বে পরিচালিত টহল অভিযানে মিয়ানমারের ম্রো সম্প্রদায়ের নাগরিক চুংফ ম্রো (২৫), পিতা–মৃত কাইক্ল ম্রো-কে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় ৫১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত টাকা শুক্রবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টায় পোয়ামুহুরী বিওপির কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়।

৩০ বিজিবি কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নায়েক সুবেদার মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে আট সদস্যের একটি বিজিবি দল অস্ত্র ও গোলাবারুদসহ একটি পিকআপযোগে আটক মিয়ানমারের নাগরিককে আলীকদম থানায় হস্তান্তরের উদ্দেশ্যে রওনা দেয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।