আলীকদমে পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী নুরুল আবছার মামুন (৩৫) এবং তার বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া (৪০) মৃত আনোয়ার হোসেনের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের পালিত একটি গরুর বাছুর নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই মোহাম্মদ মুসা ছোট ভাই মামুনের কান কামড়ে দেন। এতে কান থেকে দ্রুত রক্তক্ষরণ শুরু হয়।

আহত অবস্থায় মামুনকে প্রাথমিকভাবে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, “একটি গরু বাছুর নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই কানে কামড় দিলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, “ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”