নিউজ ডেস্ক:
বান্দরবানের আলিকদম উপজেলায় নিজের দোকান থেকে মো. আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম আলিকদম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দানু সর্দার পাড়ার বাসিন্দা এবং মৃত মকবুল আহমদের ছেলে। তিনি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রবিউল আলমের মার্কেটের ‘আবিদ টায়ার হাউজ’ নামে একটি দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাড়িচালক নুরুল আবছার গাড়ির চাকা ঠিক করার জন্য দোকানে আসেন। দোকানটি বন্ধ দেখতে পেয়ে পাশে উঁকি দিয়ে তিনি আরিফুলকে দোকানের টিনের চালের নিচে ঘরের বিমের সঙ্গে ক্যাবল তারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আলিকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলিকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
