অর্ধভাঙ্গা বটতলী ব্রীজে জনদুর্ভোগ, ভাঙনের আশঙ্কা যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক।

৩১৮ নং কুহালং ইউনিয়নের বটতলী এলাকায় চেয়ারম্যান পাড়া সংলগ্ন ব্রীজটি পানির স্রোতে পিলার দেবে গিয়ে দীর্ঘদিন ধরে অর্ধভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এ ব্রীজটি দিয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার প্রায় ৪০০ পরিবারের মানুষ। যেকোনো সময় ব্রীজটি সম্পূর্ণ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ব্যাপক পরিমাণ কৃষিজমি থাকায় কৃষিপণ্য পরিবহনের একমাত্র নির্ভরযোগ্য পথই হলো এই ব্রীজ। কিন্তু পিলার দেবে যাওয়ায় ব্রীজটির স্থায়িত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনকারী শ্রমিক—সবাইকেই প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বর্তমান ব্রীজটি আর মেরামতযোগ্য নয়; দ্রুত ভেঙে নতুন একটি ব্রীজ নির্মাণ ছাড়া বিকল্প নেই। তারা জানান, বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসী অবিলম্বে একটি টেকসই নতুন ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয় এবং কৃষিপণ্যের পরিবহণ নির্বিঘ্ন থাকে।