জাগ্রত পাহাড় ডেস্ক :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে সদস্য সচিব হিসেবে এই টাস্কফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ক্যাবের প্রতিনিধি। এছাড়াও, ২ জন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে এই টিমে অন্তর্ভুক্ত থাকবেন।
এই বিশেষ টাস্কফোর্স জেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরবরাহ ও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।
প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে,—
ক. টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানে সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে।
খ. টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে।
গ. টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল হোয়াটস্অ্যাপ নম্বর – ০১৯১২৯৩০৫৯২ ও ই-মেইল ate2.pmfc@mincom.gov.bd) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে হোয়াটস্অ্যাপ নম্বর ০১৭১১-২৭৩৮০২ ও ই-মেইল: dd-operation@dncrp.gov.bd) পাঠাবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবে।
ঘ. টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
একইসাথে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
