নিউজ ডেস্ক:
মালয়েশিয়া ও অন্যান্য দেশে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়নের সমস্যার সমাধান শিগগিরই আসছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে পাসপোর্ট সরবরাহ কার্যক্রম শুরু হবে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমরা মন্ত্রণালয় নই, তবুও স্বরাষ্ট্র সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, পাসপোর্ট ছাপানোর জন্য প্রয়োজনীয় ফয়েল পেপার আনা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্ট নিয়ে সমস্যা হচ্ছে। অনেকে আমাকে ম্যাসেজ করেন। আমি সব পড়ি এবং এ বিষয়ে সচেতন। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”
এমআরপি পাসপোর্টের চাহিদা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “বর্তমানে দুই ধরণের পাসপোর্ট রয়েছে—ই-পাসপোর্ট এবং এমআরপি। ই-পাসপোর্টের ক্ষেত্রে কোনো সংকট নেই। তবে প্রবাসী শ্রমিকরা এমআরপি পাসপোর্ট চাচ্ছেন, যা ব্যাকডেটেড। আমাদের জাতীয় লক্ষ্য এমআরপি থেকে ই-পাসপোর্টে রূপান্তর হওয়া। তবে শ্রমিকদের চাহিদা বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।