জিয়াউল হক আনছারীl
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি চোরাচালান দমন, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা প্রদান এবং জনগণের ভোটাধিকার সুরক্ষাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়। এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বাহিনীটি, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে বলে জানিয়ে বিজিবি জানায়, ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।