বান্দরবান প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ বান্দরবান সদর বাস স্ট্যান্ড ও তার আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনসাধারণ ও যাত্রীদের মধ্যে শান্তি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
কর্মসূচিতে অংশ নেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, পাইমং থুই মারমা (কেন্দ্রীয় কমিটি), চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বাস স্ট্যান্ডে উপস্থিত জনসাধারণের হাতে লিফলেট বিতরণ করেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সহাবস্থান ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
লিফলেটে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিসহ দীর্ঘমেয়াদী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও জানান, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন চালানো হবে। দিনব্যাপী কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে এবং তারা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
