নিউজ ডেস্ক:
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জাতিগোষ্ঠীগুলো এখনো রাষ্ট্রীয় বৈষম্য, রাজনৈতিক উপেক্ষা ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে সিএইচটি সম্প্রীতি জোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা, দায়িত্বহীনতা ও পরিকল্পনাহীনতার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক থোয়াই চিং মং চাক এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন এলেই উন্নয়ন ও মানবাধিকারের কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে দলগুলো নীরব থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি অধিকার, সাংস্কৃতিক স্বীকৃতি ও জননিরাপত্তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষানিরীক্ষার মাঠ নয়; এখানকার মানুষ রাষ্ট্রের সমান নাগরিক।”
রোহিঙ্গা সংকট নিয়েও রাজনৈতিক দলগুলোর অস্পষ্ট অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, এ সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা নেই। এর প্রভাব সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
সংগঠক মো. শাকিল মিয়া বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে প্রান্তিক জনগণের দাবিদাওয়া গুরুত্ব পায়নি। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্বিগুণ করার দাবিও জানান।
সংবাদ সম্মেলন থেকে জোটের পক্ষ থেকে লিখিত উন্নয়ন পরিকল্পনা ঘোষণা, ভূমি ও সাংস্কৃতিক অধিকারের স্পষ্ট নিশ্চয়তা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া, শান্তি চুক্তি বিষয়ে পরিষ্কার অবস্থান এবং অবৈধ অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়।
এ সময় পাইশিখই মারমা, মহিন হাসান সৌরভ ও আই এইচ রাফিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জোটের নেতারা সতর্ক করে বলেন, প্রান্তিক জনগণের অধিকার প্রশ্নে নীরবতা রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে।
