নিউজ ডেস্ক:
পার্বত্য অঞ্চল নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি দাবি করেন, ‘শেষ ট্রাম্পকার্ড খেলছে ভারত, একটি ভুয়া ধর্ষণের ঘটনার মাধ্যমে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়ে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চলছে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় আয়োজিত “ঐক্য ও সংহতির সমাবেশে” তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ভারত এই অঞ্চল কেড়ে নিতে চায়। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই—বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেওয়া হবে না। ১৯৭১ সালে পাকিস্তানের মোকাবিলা করেছি, ২০২৫ সালে ভারতের মোকাবিলাও করব।’
সমাবেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উদীয়মান তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। তারা যখন জনগণের পাশে দাঁড়াচ্ছে, তখনই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যেই পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করে ইন্দোনেশিয়া ও নেপাল নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। মাত্র ৩৫ বছর বয়সে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশেও ইনশাআল্লাহ ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘ভোটের সময় কিছু অতিথি পাখি এসে আপনাদের কাছে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান—আপনাদের কাছে ভোট চাইতে আসব না। আপনারা বিপদে-আপদে যাকে পাশে পেয়েছেন, তাকেই ভোট দেবেন।’

