নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক এক প্রেস বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
রোববার (৮ মার্চ) দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের মন্তব্য শুধু ঐতিহাসিক তথ্য বিকৃতিই নয়, বরং এটি পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণ।
তিনি আরও বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটে এবং অঞ্চলটি শান্তির পথে এগিয়ে যায়। ওই চুক্তির আলোকে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া চলমান রয়েছে। এমন অবস্থায় ত্রিপুরার রাজ সদস্যের অবাস্তব ও বিভেদমূলক বক্তব্য শান্তি চুক্তির চেতনার পরিপন্থী এবং এতে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রেস বিবৃতিতে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে তার ‘মিথ্যা ও উস্কানিমূলক’ মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নাগরিকরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এছাড়া পার্বত্য অঞ্চলের সকল জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এর ভবিষ্যৎ ও এখানকার জনগণের অধিকার নিয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
