নিউজ ডেস্ক :
পাকিস্তান আজ শনিবার তাদের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক্স সিন্ধু’ নামের সামরিক মহড়ার অংশ হিসেবে এই উৎক্ষেপণ চালানো হয়। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তি মূল্যায়ন।
মহড়ায় উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটিজিক ফোর্সেস কমান্ডার (এএফএসসি), স্ট্র্যাটিজিক প্ল্যান ডিভিশনসহ বিভিন্ন কৌশলগত সংস্থার শীর্ষ কর্মকর্তারা ও বিজ্ঞানীরা। উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক কর্মকর্তারা বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
আইএসপিআরের মতে, এই উৎক্ষেপণ পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বহিঃপ্রকাশ।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর যখন দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত হামলায় আন্তসীমান্ত সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।