নির্বাচনের গল্পে নতুন নাটকীয় মোড়ের ইঙ্গিত!

জিল্লুর রহমানের বিশ্লেষণ, অনলাইন ডেস্ক:

দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে একপক্ষ আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত, তখন বাস্তবতার মঞ্চে শোনা যাচ্ছে একেবারেই ভিন্ন সুর। সম্প্রতি টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান তার নিজের ইউটিউব চ্যানেলে দেশের সমসাময়িক পরিস্থিতি তুলে ধরেন।

জিল্লুর রহমান বলেন, দৃশ্যত নির্বাচন ঘিরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেটি পুরোপুরি স্থির নয়। বরং ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে আরো কিছু অদৃশ্য কৌশল, দোলাচল এবং পরিকল্পনার দিকে।প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের পরেও যখন নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে কোনো মন্তব্য আসে না—তখন প্রশ্ন ওঠে, সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে নাকি সামনে রয়েছে আরো নাটকীয় মোড়?

তিনি বলেছেন, ‘আমি যেমনটা প্রায় প্রতিনিয়ত বলি যে, সবকিছু দ্রুত বদলে যাচ্ছে এবং একটু বোধ-বুদ্ধি থাকলেই বোঝা যায়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন কেউ কেউ —তা ধরতে খুব বেশি সময় লাগবার কথা নয়।’

জিল্লুর রহমান তার বিশ্লেষণে উল্লেখ করেন, ‘আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে, প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে সেখানে কোনো আলোচনা হয়নি।’

এই পরিস্থিতিতে দ্বিধা ও বিভ্রান্তি আরো বাড়ছে, কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধরে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।অনেকে ভাবছিলেন, ১৪ জুন লন্ডন থেকে দেশে ফেরার পরপরই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য রূপরেখা নিয়ে মুখ খুলবেন।

জিল্লুর রহমানের মতে, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, প্রক্রিয়াটি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়।