লিবিয়া উপকূলে ২০ লাশ উদ্ধার, বাংলাদেশিদের বলে আশঙ্কা

নিউজ ডেস্ক:

লিবিয়ার ব্রেগা উপকূলে উদ্ধার হওয়া ২০টি লাশের সবাই বাংলাদেশি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। তবে মরদেহগুলো পচন ধরায় এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দূতাবাসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে গেলে লাশগুলো লিবিয়ার উপকূলে ভেসে আসে।

লিবিয়ার রেড ক্রিসেন্ট মরদেহগুলোকে বাংলাদেশি বলে সন্দেহ করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।