নিউজ ডেস্ক :
মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় ১৯ অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৬ জনই বাংলাদেশি। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানী মালেতে পার্শ্ববর্তী হুলহুমালে ফেজ-২ এলাকার ডিটেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রাথমিকভাবে ১৭ জন অভিবাসীকে হাসপাতালে নেওয়া হলেও পরে সংখ্যাটি বেড়ে ১৯ জনে দাঁড়ায়। আক্রান্তদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, খাবার গ্রহণের পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের ডিটেনশন সেন্টারে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা ভালো আছেন।
এদিকে, মালদ্বীপের পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে বিষক্রিয়া ঘটল, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ডিটেনশন সেন্টারটিতে মূলত নির্বাসনের অপেক্ষায় থাকা অবৈধ অভিবাসীদের রাখা হয়।
