নিউজ ডেস্ক:
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ যুবকসহ ২৩ বাংলাদেশি। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুর খবর পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে তাদের পরিবার ও এলাকা।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় দালালদের মাধ্যমে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে জীবন দিতে হয়েছে তাদের। ভিটেমাটি বিক্রি করে ও চড়া সুদে টাকা এনে লাখ লাখ টাকা দালালদের হাতে তুলে দিলেও শেষ রক্ষা হয়নি।
জানা গেছে, গত ১ জানুয়ারি মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার ও তার মামা আবুল বাশার আকন ইতালির উদ্দেশে রওনা দেন। ২৪ জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করলে মাঝপথে নৌকাডুবিতে প্রাণ হারান তারা।
এ ঘটনায় মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজৈরের হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রফিক দালালকে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
