বেতন নিয়ে বিরোধে ভাঙচুর, মালয়েশিয়ায় বাংলাদেশির ২৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক:

মালয়েশিয়ার জোহর রাজ্যে বেতন না পেয়ে এক ব্যক্তির ওপর হামলা, ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে ভাঙচুরের দায়ে রফিক (২৫) নামে এক বাংলাদেশিকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারক অরুন নোভাল দাস তিনটি অভিযোগে দোষ স্বীকার করার পর এই রায় দেন। প্রথম অভিযোগে, গত ৭ ডিসেম্বর রাতে জালান লাবিস-ইয়ং পেং এলাকায় ৩৩ বছর বয়সি এক ব্যক্তিকে আঘাত করার দায়ে দণ্ডবিধির ৩২৩ ধারায় আট মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দ্বিতীয় অভিযোগে, একই সময়ে ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডবিধির ৫০৬ ধারায় ছয় মাসের কারাদণ্ড আরোপ করা হয়। তৃতীয় অভিযোগে, ৮ ডিসেম্বর দুপুরে কর্মস্থলের ২০টি চারা গাছ নষ্ট ও মালামাল ভাঙচুরের জন্য দণ্ডবিধির ৪২৭ ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, বেতন না পাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত রফিকের সঙ্গে নিয়োগকর্তার তর্ক-বিতর্কের পর এই ঘটনাগুলো ঘটে। উভয় পক্ষের আপিল শুনানির পর আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।