নিউজ ডেস্ক:
বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।
হাইকমিশন জানিয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়মবহির্ভূতভাবে ভ্রমণ ও অন্যান্য ভিসায় নারী কর্মীদের মালয়েশিয়া নিয়ে প্রতারণা করছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। পাশাপাশি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, মালয়েশিয়ায় সাধারণ নারী কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারী কর্মীদের মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।