নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার ৫ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা বিশেষ প্রকল্পের আওতায় আসা এসব অভিবাসীকে আগামী ২৪ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে।
শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা এএফপি জানায়, ক্ষমতায় ফেরার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘সিএইচএনভি’ প্রকল্প বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালের অক্টোবরে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ হাজার করে অভিবাসীকে দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। জনাকীর্ণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের চাপ কমাতে বাইডেন প্রশাসন এই উদ্যোগ নিয়েছিল।
ট্রাম্পের নতুন আদেশ অনুযায়ী, নির্ধারিত ফেডারেল রেজিস্টারে মঙ্গলবার (২৫ মার্চ) এ সংক্রান্ত ঘোষণা প্রকাশিত হবে। এরপর ৩০ দিনের মধ্যে অভিবাসীদের বসবাসের বৈধতা শেষ হয়ে যাবে। ফলে আগামী মাসের মধ্যেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
অভিবাসীদের সহায়তাকারী সংস্থা ‘ওয়েলকাম ইউএস’ ক্ষতিগ্রস্তদের দ্রুত আইনি পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, বৈধতার সুযোগ পেয়েও এসব অভিবাসী মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। তবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোরতার ইঙ্গিত মিলেছে।
