নিউজ ডেস্ক :
চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার সকালে বোয়াও স্টেট গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
চার দিনের সফরে বুধবার চীন পৌঁছান ড. ইউনূস। আজ বিএফএ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য রাখবেন। এর পর স্থানীয় সময় দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করবেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ।
এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বোয়াও ফোরামে তার এই ব্যস্ত সময়সূচি বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
