নিউজ ডেস্ক:
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা ও সেনাসদস্য পলাশ, এবং অন্যজন রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ ও কুদ্দুস নওগাঁর দিকে যাচ্ছিলেন। সিএনজিটি মোহনপুর মেডিকেল কমপ্লেক্সের সামনে মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, দুর্ঘটনায় সিএনজি দুমড়েমুচড়ে গেছে এবং ভটভটি জব্দ করা হয়েছে।
