বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে ফের পুনরায় দুর্ঘটনা

নিউজ ডেস্ক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাশে খয়রাবাদ সেতুর ঢালে পুনরায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল ও অন্তরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনুস বিশ্বাস (মাস্টার) নামে একজন শিক্ষক নিহত হন। নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি ছিলেন।

জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে রওনা দেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অন্তরা পরিবহন তাকে চাপা দেয়। এতে ইউনুস বিশ্বাসের মাথা ও মুখে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনায় আহত হয়ে এক কিশোরও ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এক সপ্তাহের ব্যবধানে তিনটি প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।