দিনাজপুরের বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরমুখী ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।

সংঘর্ষের ফলে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেন।

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সুত্র:Jamuna TV