নিউজ ডেস্ক :
চট্টগ্রামের দোহাজারী দেওয়ানহাট এলাকায় কক্সবাজার মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে রিকশাচালকসহ দুইজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মহাসড়কে গ্যাসে চালিত সিএনজি ও ব্যাটারি চালিত রিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও এসব যানবাহন নিয়মিতই অবৈধভাবে চলাচল করছে। এতে শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে না, যানজটও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি, বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
