জাগ্রত পাহাড় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “গণতন্ত্রের পথচলা অবারিত ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক রহমান উল্লেখ করেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমে আসে, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য। এই বিপ্লবের মাধ্যমে একদলীয় বাকশাল ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই শুরু হয় এবং জনগণের বাক-স্বাধীনতার পথ প্রশস্ত হয়।
তার বক্তব্যে আরও বলা হয়, “এই ঐতিহাসিক দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।” তিনি বলেন, “১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে দেশীয় এবং বিদেশী শক্তি গণতন্ত্র ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। এরপরও জনগণ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অটল রয়েছে।”
তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান আওয়ামী সরকার বিদেশী শক্তির প্রতি নতজানু নীতিতে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছে এবং বিএনপির নেতা-কর্মীদের নির্মম নির্যাতন চালানো হয়েছে।”
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথকে মসৃণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
