৪৬তম বিসিএসসহ রেল ও নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) অধীন রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ ৪৬তম বিসিএস ও অন্যান্য নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হাইকোর্টে জমা দেওয়া এক অগ্রগতি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিআইডি। রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী শাহ নাভিলা কাশফি বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, সিআইডি আদালতে ৪৬তম বিসিএসসহ অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে ১২টি অগ্রগতির তথ্য উপস্থাপন করেছে। একই সঙ্গে তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়েছে, যা মঞ্জুর করা না করার বিষয়টি আদালতের বিবেচনাধীন রয়েছে।

এর আগে দৈনিক কালবেলা প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা আবেদ আলীর মাধ্যমে একাধিক প্রার্থী চাকরি পেয়েছেন। পরীক্ষার আগেই তার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে, যা চাকরি প্রাপ্তদের মেধাতালিকা ও পদায়নের তথ্য বিশ্লেষণ করেই নিশ্চিত হওয়া গেছে।

গত ১৯ ও ২০ ডিসেম্বর কালবেলা-তে আরও দুটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে উল্লেখ করা হয়, আবেদ আলী চক্রের ১১৫টি অ্যাকাউন্টে প্রায় ১২৫ কোটি টাকা লেনদেন হয়েছে এবং নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের আগেই সিআইডি প্রশ্নফাঁসের বিষয়ে বিপিএসসির কাছে তথ্য চেয়েছিল।

সাম্প্রতিক তদন্তে প্রশ্নফাঁসের বিষয়ে আরও নিশ্চিত হয়েছে সিআইডি, যা দেশের নিয়োগ পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: কালবেলা